রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) প্রধান কার্যালয়ে গতকাল বুধবার দুপুর দেড়টা থেকে ২টার দিকে ২০-৩০ জনের একটি দুর্বৃত্ত দল জোরপূর্বক প্রবেশ করে। প্রথমে তারা সংস্থাটির চেয়ারম্যানের দপ্তরে প্রবেশ করে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। এরপর তারা চেয়ারম্যান দপ্তরসহ অন্যান্য দপ্তরে ভাঙচুরের জন্য উদ্যত হয়। একপর্যায়ে তারা সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে বাগ্বিতন্ডায় জড়িয়ে পড়ে। এ সময় বিএসইসির চেয়ারম্যান মো. মনিরুজ্জামান তার কক্ষে অবস্থান করছেন জানতে পেরে তারা জোরপূর্বক সেখানে ঢুকে পড়ে। এ সময় দুর্বৃত্ত দল প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলে পরিচয় দেয়। এরপর তারা তাদের বিভিন্ন অনৈতিক দাবিদাওয়া তুলে ধরতে থাকে।
এ সময় চেয়ারম্যান অনেক ধৈর্য ও দক্ষতার সঙ্গে তাদের মোকাবিলা করেন। একপর্যায়ে তাদের মধ্যে থেকে দুজন দুর্বৃত্ত বিএসইসির একজন কর্মচারীকে আলাদা করে অফিসের নিচে নিয়ে গিয়ে বড় অঙ্কের চাঁদার বিনিময়ে সব সমন্বয়ককে সরিয়ে নেওয়া হবে মর্মে প্রস্তাব দেয়। ইতিমধ্যে সমন্বয়ক পরিচয় দেওয়া দুর্বৃত্তরা বিএসইসি কর্র্তৃপক্ষকে হুমকি-ধমকি দিয়ে একে একে দপ্তর ত্যাগ করতে থাকে। সন্দেহ হলে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা ওই দুই দুর্বৃত্তকে হাতেনাতে ধরে সেনাবাহিনীর হাতে সোপর্দ করেন। বিজ্ঞপ্তি
