নেপালের কাছে হেরে গেল বাংলাদেশ

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১২:৪৭ এএম

এই ম্যাচটা ড্র করলেই সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের এ গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারত বাংলাদেশ। তাতে সেমিফাইনালে এড়ানো যেত শক্তিশালী প্রতিপক্ষ। মারুফুল হকের শিষ্যরা অবশ্য স্বাগতিক নেপালকে হারানোর লক্ষ্যে খেলতে নেমেছিল। তবে অধিনায়ক ও গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ ও ডিফেন্সের অবিশ্বাস্য ভুলে উল্টো ২-১ গোলে হারের পরিণতি বরণ করতে হয়েছে বাংলাদেশকে। তাতে সেমিফাইনালেই প্রতিপক্ষ হিসেবে ভারতকে মোকাবিলা করতে হতে পারে তাদের। দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ সেরা হয়েছে নেপাল। আজ বি গ্রুপে ভারত ও মালদ্বীপের ম্যাচ শেষ হলে জানা যাবে বাংলাদেশের সেমিফাইনালের প্রতিপক্ষ।

বৃহস্পতিবার কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বাংলাদেশ শুরুটা করেছিল সহজাত আক্রমণাত্মক মনোভাব নিয়ে। যদিও কোচ মারুফুল হক আগের ম্যাচেও দুই গোলদাতাকে বিশ্রাম দিয়ে সাজিয়েছিলেন একাদশ। তারপরও পাসিং ফুটবল ও পরিকল্পিত আক্রমণে মনে হচ্ছিল এই ম্যাচেও আধিপত্য বিস্তার করবে আগের ম্যাচে শ্রীলঙ্কাকে হারানো বাংলাদেশ। তবে ম্যাচের ১৫ মিনিটে অবিশ্বাস্য এক ভুলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। বাংলাদেশের কর্নার ক্লিয়ার করেছিলেন নেপালের এক ডিফেন্ডার। সেটা চলে আসে বাংলাদেশ অর্ধে আগুয়ান গোলকিপার শ্রাবণের কাছে। বলটা চাইলেই তিনি দুই পাশের দুই ডিফেন্ডারের কাছে বাড়াতে পারতেন। তবে কী ভেবে বল নিজের পায়ে জমাতে চাইলেন। সুযোগ বুঝে সমির তামাং সেটা কেড়ে নিয়ে ফাঁকা পোস্টে বল জালে জড়ান। এর এক মিনিট পরেই দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। এবার ডান দিক থেকে অবিনাশের ক্রস এসে পড়েছিল বাংলাদেশের গোলমুখে। বাংলাদেশের দুই ডিফেন্ডার সেটি পারেননি ক্লিয়ার করতে। বরং নিখুঁত প্লেসিংয়ে নিরাঞ্জন ধামি বল পাঠান পোস্টে।

অল্প সময়ের ব্যবধানে দুই গোলে পিছিয়ে পড়ার ধাক্কা সামলাতে ৩১ মিনিটে মারুফুল হক দুটি পরিবর্তন করেন আক্রমণভাগে। আগের ম্যাচের গোলদাতা মিরাজুল ইসলাম ও আসাদুল মোল্লাকে বেঞ্চ থেকে পাঠালে আক্রমণের গতি বাড়ে। সুবাদে প্রথমার্ধেই এক গোল পরিশোধ করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। ম্যাচের ৪৩ মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। মিরাজুলকে বক্সে ফেলে দিয়েছিলেন নেপালের এক ডিফেন্ডার। সেই মিরাজুলই লক্ষ্যভেদ করেন। বিরতি থেকে ফিরে একের পর এক আক্রমণ শানিয়েছে বাংলাদেশ। তবে নেপাল রক্ষণ ছিল সতর্ক। তারা দারুণ সব আক্রমণ রুখে দিয়েছে পুরো ম্যাচে। ম্যাচের শেষ মুহূর্তে বাংলাদেশের সমতায় ফেরার শেষ সুযোগ নষ্ট করে নেপালের জয়ের নায়ক বনে যান গোলকিপার জয়রাথ শিখ।

বি গ্রুপটা এখন পর্যন্ত উন্মুক্ত। ভারতের কাছে ভুটান প্রথম ম্যাচে হারলেও তারা মালদ্বীপকে হারিয়ে সম্ভাবনা টিকিয়ে রেখেছে। আজ ভারত যদি মালদ্বীপের বিপক্ষে জেতে অথবা ম্যাচটা ড্র হয় তবে তারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন। সেক্ষেত্রে গতবারের দুই সেমিফাইনালিস্টের দেখা হয়ে যাবে সেমিফাইনালে। আর মালদ্বীপ যদি জিতে যায় সেক্ষেত্রে তিন দলের গোল ব্যবধানে নিশ্চিত হবে বি গ্রুপের দুই সেমিফাইনালিস্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত