আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেলেন কমলা হ্যারিস

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৪:৪২ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বৃহস্পতিবার শিকাগোতে উচ্ছ্বসিত জনতার সামনে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থীর মনোনয়ন পেয়েছেন তিনি।

তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যদি তিনি নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেন, তাহলে তিনি ‘নতুনভাবে এগিয়ে যাবেন’। ৫৯ বছর বয়সী হ্যারিস মার্কিন রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে অসাধারণ পরিবর্তনগুলোর মধ্যে প্রধান নীতি অনুসরণ করে আমেরিকানদের জন্য ঐক্য এবং সম্ভাবনার বার্তা দিয়েছেন।

তিনি বলেছেন, (চলমান গাজা যুদ্ধে) জিম্মিমুক্তি ও যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার এখনই সময়। আমি স্পষ্ট করে বলতে চাই, আত্মরক্ষায় ইসরায়েলের অধিকারের পক্ষে সবসময় সোচ্চার থাকব। কিন্ত গাজায় ১০ মাস ধরে যা হচ্ছে তা অত্যন্ত হৃদয়বিদারক। অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। আর জীবিতরা ক্ষুধার্ত অবস্থায় মরিয়া হয়ে প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

প্রেসিডেন্ট জো বাইডেন মিত্রদের চাপে নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হলে মাত্র মাসখানেক আগে ডেমোক্রেট প্রার্থী হিসেবে কমলা হ্যারিস মনোনীত হন।

কমলা বলেছেন, ‘ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে ও জিম্মিদের মুক্ত করতে আমি ও প্রেসিডেন্ট কাজ করে যাচ্ছি। এছাড়া গাজায় দুর্ভোগের অবসান ঘটিয়ে ফিলিস্তিনি জনগণ যেন তাদের মর্যাদা, নিরাপত্তা, স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার উপলব্ধি করতে পারে, সে ব্যাপারেও আমরা সচেষ্ট আছি।’

প্রতিদ্বন্দী প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প স্বৈরাচারদের প্রতি নমনীয় অভিযোগ করে তিনি বলেছেন, ‘গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের চলমান লড়াইয়ে আমি যুক্তরাষ্ট্র ও আমার নৈতিক অবস্থান জানি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত