‘ভারতীয় আগ্রাসনের’ প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৭:০৮ এএম

আন্তর্জাতিক নদীর বেশিরভাগ নদীতেই অবৈধ বাঁধ দিয়ে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার বেলা ২টায় বিভিন্ন আবাসিক হল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে জমায়েত হতে থাকেন তারা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন সড়কে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানানো হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী জহির ফয়সাল বলেন, ‘আন্তর্জাতিক নদীর বেশিরভাগ নদীতেই অবৈধ বাঁধ দিয়ে একদিকে যেমন গ্রীষ্মকালে পানি বন্ধ করে খরার সৃষ্টি করে, অন্যদিকে বর্ষাকালে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে বন্যার পানিতে প্লাবিত করে।’

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আরেক শিক্ষার্থী সাইফুল্লাহ সাদ বলেন, ‘ভারত উসকানি দিয়ে এই উপমহাদেশে যুদ্ধ লাগাতে চায়। তারা এ দেশের সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এ দেশে ভারতীয় দমনপীড়ন আর চলবে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত