ফরম্যাট যখন টি-টোয়েন্টি, ওয়েস্ট ইন্ডিজ হয়ে ওঠে ভয়ংকর। ক্রিকেটের ছোট সংস্করণের বড় বিজ্ঞাপন এই দলটি জয় দিয়ে সিরিজ শুরু করল। প্রথম টি-টোয়েন্টিতে তারা দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়েছে ৭ উইকেটের ব্যবধানে। ঝড়ো ইনিংসের পাশাপাশি দুই ক্যাচ নিয়ে ম্যাচসেরা নিকোলাস পুরান।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে শুক্রবার রাতের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৭৪ রান তোলে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে ৪২ বলে ৮ চার ৩ ছক্কায় সর্বোচ্চ ৭৬ রান করেন ট্রিস্টান স্টাবস। টপ অর্ডার এদিন পুরোপুরি ব্যর্থ ছিল। রায়ান রিকেল্টন (৪), রেজা হেনড্রিকস (৪) ও অধিনায়ক এইডেন মার্করাম ১৪ রান করেন। শেষদিকে প্যাট্রিক ক্রুগার ৩২ বলে ৪ চার ২ ছক্কায় ৪৪ রান করলে প্রোটিয়ারা লড়াকু স্কোর পায়। ২৭ রানে ৩ উইকেট নেন ম্যাথু ফোর্ড।
রান তাড়ায় নেমে ৮৪ রানের ওপেনিং জুটিতে দারুণ শুরু এনে দেন অলিক আথানাজে এবং শেই হোপ। দুজনের মাঝে হোপ ৩৬ বলে ২ চার ৩ ছক্কায় ৫১ আর আথানাজে ৩০ বলে ২ চার ৩ ছক্কায় ৪০ রান করেন। অধিনায়ক রভম্যান পাওয়েল ৭ রানে আউট হলেও সমস্যা হয়নি। নিকোলাস পুরান ২৬ বলে ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। তার ইনিংসে ছিল ২টি চার ও ৭টি ছক্কা। ১৩ বল হাতে রেখেই জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ।
৯৪ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন স্মিথ
ব্রাজিল দলে ডাক পেলেন 'ছোট মেসি' এস্তেভাও