আনসারদের রেস্ট প্রথা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ রবিবার (২৫ আগস্ট) বিকেলে সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান৷
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তিন উপদেষ্টা এবং অন্যান্য সহকর্মী সবার সঙ্গে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি- এখন থেকে আনসারে রেস্ট প্রথা থাকবে না৷
তিনি আরও বলেন, একই সঙ্গে অন্যান্য দাবি-দাওয়াগুলো নিয়ে একটি কমিটি করা হবে। এই কমিটি সবকিছু পর্যালোচনা করে আমাদের কাছে প্রতিবেদন পাঠাবে। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে আমরা একটি সিদ্ধান্ত নেব।
এর আগে চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেন আনসাররা। রবিবার বেলা ১টা ২০ মিনিটের দিকে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে বিদ্যুৎ ভবনের উল্টো দিকের ৩ নম্বর গেট দিয়ে সচিবালয়ে ঢুকে পড়েন। অর্ধশতাধিক আনসার ঢুকে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেটটি দ্রুত বন্ধ করে দেয়। আনসাররা ভেতরে ঢুকে চাকরি জাতীয়করণের দাবিতে স্লোগান দিতে থাকেন।
চাকরি জাতীয়করণের দাবিতে দুই দিন ধরে আন্দোলন করছেন আনসাররা। তাঁদের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তাঁদের আশ্বাস দেওয়ার পরও চাকরি জাতীয়করণ করা হয়নি।
দাবি না আদায় হওয়া পর্যন্ত সচিবালয় থেকে কাউকে বের হতে দেবেন না এবং কাউকে প্রবেশ করতে দেবেন না বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী আনসাররা। পরে বেলা ৩টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী অঙ্গীভূত আনসার সদস্যদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে আন্দোলনের সমন্বয়ক নাসির মিয়া কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।
বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা হবে: অর্থ উপদেষ্টা
টেলিগ্রাম প্রধান কে এই পাভেল দুরভ? কেন গ্রেপ্তার