ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই। গতকাল রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি উদ্বেগের কথা জানান।
মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের ব্যাপারে রাষ্ট্রদূত উদ্বেগ প্রকাশ করলে উপদেষ্টা শিগগিরই অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে অভিযান পরিচালনা করা হবে বলে তাকে অবহিত করেন। গত সরকারের সময় লাইসেন্সকৃত কিছু অস্ত্রের ‘অবৈধ ও অপব্যবহারের’ কথা বৈঠকে তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, সে বিষয়েও পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে বলে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন উপদেষ্টা। তিনি বলেন, যদিও নানা শ্রেণি-পেশার মানুষের বিভিন্ন দাবিদাওয়া ও ইস্যুভিত্তিক আন্দোলনের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন। আশা করি, দ্রুত পরিস্থিতির উন্নয়ন ঘটবে। পুলিশ সংস্কারে বর্তমান সরকারের পদক্ষেপের বিষয়ে রাষ্ট্রদূতের সঙ্গে একমত প্রকাশ করেন উপদেষ্টা।
লুট হওয়া ১৮১৪ অস্ত্র উদ্ধার : থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারের কাজ চলছে। পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত লুট হওয়া ১ হাজার ৮১৪টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৮৭ হাজার ৪০ রাউন্ড গুলি, ২ হাজার ৬৪৭ টিয়ার শেল ও ২৯২টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
