ডা. ফ্লোরাকে নিপসমে অবাঞ্ছিত ঘোষণা

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৮:৫৪ এএম

রাজধানীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। তারা এই কর্মকর্তার বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর হওয়া, বৈষম্যবাদী, স্বৈরাচার, কর্তৃত্বপরায়ণ, নিপীড়ক ও অর্থ লোপাটের অভিযোগ এনেছেন।

গতকাল রবিবার মহাখালীতে নিপসমের সামনে ‘বৈষম্যবিরোধী নিপসম জনতা’র ব্যানারে বিক্ষোভ কর্মসূচি থেকে ডা. ফ্লোরাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত এ বিক্ষোভ কর্মসূচি চলে।

নিপসমের সাবেক পরিচালক ডা. শামিউল ইসলামের বিরুদ্ধেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা। তারা ডা. শামিউল ইসলামকেও জুলুমবাজ ও আওয়ামী লীগ সরকারের দোসর বলে অ্যাখা দেন। নিপসমের পুষ্টি ও বায়োকেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রুবেনা হকেরও পদত্যাগ দাবি করা হয়। তারা নিপসমের ভেতর থেকেই একজন সৎ ও যোগ্য কর্মকর্তাকে পরিচালক পদে বসানোর দাবি জানান।

এর আগে চিকিৎসকদের দাবির মুখে গত ২২ আগস্ট নিপসমের পরিচালক অধ্যাপক ডা. মো. শামিউল ইসলামকে বদলি করে জন্যস্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করা হয়। সেদিন স্বাস্থ্য অধিদপ্তর থেকে বদলি করে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে নিপসমের পরিচালক করে স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু এখনো তিনি নিপসমের দায়িত্ব বুঝে নেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত