রাওয়ালপিন্ডি টেস্টে স্লো ওভার রেটের কারণে শাস্তি পেতে হচ্ছে দুই দলকেই। আর্থিক জরিমানার অংশ হিসেবে পাকিস্তান দলের ম্যাচ ফির ৩০ শতাংশ এবং বাংলাদেশের ১৫ শতাংশ কেটে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট থেকে পাকিস্তানের ৬ ও বাংলাদেশের ৩ পয়েন্ট কেটে নেওয়া হবে।
শাস্তি পেয়েছেন সাকিব আল হাসানও। পঞ্চম দিন বল ছুড়ে মারার কারণে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে এ অলরাউন্ডারকে। আইসিসির আচরণবিধির ২.৯ ধারা না মানার কারণে এটি লেভেল ১ ভাঙার সঙ্গে তুলনা করা হয়েছে। একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে সাকিবের খাতায়।
ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে গতকাল এসব শাস্তি ধার্য করেন। দুই অধিনায়ক নাজমুল শান্ত ও শান মাসুদ অপরাধ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। নির্ধারিত সময়ের চেয়ে পাকিস্তান ৬ ও বাংলাদেশ ৩ ওভার পিছিয়ে ছিল। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী ধীরগতির প্রতি ওভারের জন্য ৫ শতাংশ ম্যাচ ফি কেটে রাখার নিয়ম রয়েছে। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনের (খেলার শর্ত) ১৬.১১.২ ধারা অনুযায়ী ধীরগতির প্রতি ওভারের জন্য ১ পয়েন্ট করে কেটে নেওয়া হয়।
