বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক। গতকাল সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিকবিষয়ক জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং সম্প্রতি দল থেকে সব পদ স্থগিত হওয়া সাবেক সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠকে ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর উপস্থিত ছিলেন।
এদিকে গতকাল সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সের সামনে বন্যাদুর্গতদের সার্বিক সহায়তা কার্যক্রমের উদ্বোধনকালে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘মুক্ত পরিবেশে শ্বাস নিতে পারছি। কিন্তু প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছে। যারা হাতি হওয়ার জন্য মাঝেমধ্যে উঁকি দিচ্ছে। গত ১৬ বছর ধরে শেখ হাসিনার সরকার আমাদের ওপর নানা জুলুম-অত্যাচার করেছে। যারা চাকরিরত এবং স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছেন তাদের পদোন্নতি দেওয়া হয়নি। ভালো পদায়ন করা হয়নি। নানা জুলুম সহ্য করতে হয়েছে।’
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যাদুর্গত এলাকায় সার্বিক সহায়তা কার্যক্রম শুরু করেছে অ্যাব এমনটি জানিয়ে রিজভী বলেন, ‘আনসার বাহিনীর কোনো দাবিদাওয়া থাকলে আলোচনা করতে পারেন। তাদের দাবি মেনে নেওয়ার পরও কাউকে অবরুদ্ধ করে রাখার সাহস পেল কোথায়? আসলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থির করার জন্য এসব পরিকল্পিতভাবে করা হচ্ছে।’
রিজভী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের উচিত হবে যারা শেখ হাসিনাকে রক্ষার জন্য কাজ করেছে তাদের সরিয়ে দক্ষদের পদায়ন করা। পরিকল্পিতভাবে এসব বিলম্ব করা হচ্ছে। তা না হলে রবিবারও আনসাররা কোমলমতি শিক্ষার্থীদের ওপর বুট দিয়ে লাথি মেরে শরীর থেঁতলে দিয়েছে, যা ভালো কিছু নয়।’
এ সময় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও অ্যাব সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু, বিএনপির সহ-বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং অ্যাব সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ অ্যাবের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
