কদিন পরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটি মাথায় রেখে গত শনিবার থেকে একই সংস্করণে জাতীয় নারী ক্রিকেট লিগের ১৩তম আসর শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবারের ভেন্যু রাজশাহী। তবে ৮ বিভাগীয় দল নিয়ে মাঠে গড়ানো এবারের আসরে বাগড়া দিচ্ছে প্রতিকূল আবহাওয়া। শনিবার উদ্বোধনী দিনের চার ম্যাচের তিনটিই পণ্ড হয়। পরের দিন দ্বিতীয় রাউন্ডের চার ম্যাচের মধ্যে পণ্ড হয় একটি। আজ তৃতীয় রাউন্ডের চার ম্যাচের তিনটিতে ফল না এলেও স্বাগতিক রাজশাহীকে হারিয়ে জয় পেয়েছে বরিশাল।
শহীদ কামারুজ্জামান ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টার ম্যাচে বরিশাল বিভাগের মুখোমুখি হয় স্বাগতিক রাজশাহী বিভাগ। ওই ম্যাচে ৩৫ রানে হেরে গেছে স্বাগতিকরা। এদিন টস ভাগ্য পাশে পান রাজশাহী অধিনায়ক রিতু মণি। তিনি সিদ্ধান্ত নেন প্রথমে বোলিং করার। আমন্ত্রেণে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৫ রান করে বরিশাল। দলের পক্ষে ২১ রান করেন আফিয়া আশিমা ইরা। তিনি ছাড়া আর দুই অঙ্কের রান করেন শুধু অধিনায়ক রাবেয়া। রাজশাহীর হয়ে আনিশা আক্তার সোবা ১৭ রানে ৩ শিকার ধরেন। ফারিহা তৃষ্ণা ১৬ রানে পান ২ উইকেট।
৬৬ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বিপর্যয়ের চূড়ান্ত মাত্রা দেখে রাজশাহী। ১৫.৩ ওভারে গুটিয়ে যায় মাত্র ৩০ রানেই। লাবণী আক্তারের ১২ আর শারমিন সুলতানার ১১ রানের ইনিংস ছাড়া আর কেই দুই অঙ্কের দেখা পাননি। রানের খাতাই খুলতে পারেননি রাজশাহীর ৬ ব্যাটার। ব্যাটের পর বল হাতেও দুর্দান্ত ছিলেন ইরা। ২.৩ ওভার অর্থাৎ ১৫ বল করে মাত্র ৩ রান খরচায় শিকার করেন ৪ উইকেট। এছাড়া বরিশালের সাবিকুন নাহার ৪ ওভারে ২ রানে ৩টি উইকেট নেন। অধিনায়ক রাবেয়া ৩ ওভারে ১ রান দিয়ে নেন ২ উইকেট।
আগামীকাল চতুর্থ রাউন্ডের ম্যাচে শহীদ কামারুজ্জামান ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম-ঢাকা ও রাজশাহী-সিলেট। বাংলা ট্র্যাক একাডেমি মাঠে খেলবে ময়মনসিংহ-খুলনা এবং বরিশাল-রংপুর। ২০০৬-০৭ মৌসুম থেকে বাংলাদেশে নারী জাতীয় ক্রিকেট লিগের গোড়াপত্তন হয়। ২০১০-১১ মৌসুমে প্রথমবার টি-টোয়েন্টি সংস্করণে আয়োজিত হয় এ লিগ। এর পর ২০১৫-১৬, ২০১৭-২৮ ও ২০২২-২৩ মৌসুমেও এ লিগটি সংক্ষিপ্ততম সংস্করণে মাঠে গড়িয়েছিল। নারী জাতীয় লিগে ৫ বার শিরোপা জিতে সবচেয়ে সফল দল খুলনা।
ফারুকের ‘না’ উপেক্ষা করে মিরপুরে ফিরলেন গামিনি
অস্ট্রেলিয়া সিরিজে নেই মঈন-বেয়ারস্টো
দুই ম্যাচের টেস্ট সিরিজ যতবার জিতেছে বাংলাদেশ