ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল

চসিকের সেই হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১০:২৮ পিএম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) বিতর্কিত হিসাবরক্ষক মাসুদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিল প্রতি ৫০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর মঙ্গলবার (২৭ আগস্ট) চসিকের পক্ষ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একইসাথে বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি করা হয়। উক্ত কমিটিকে আগামী সাত দিবসের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশনা দেয়া হয়েছে।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনকে। কমিটির বাকি সদস্যরা হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা এবং জনসংযোগ ও প্রটোকল অফিসার আজিজ আহমদ।

এর আগে হিসাব রক্ষক কর্মকর্তা মাসুদুল ইসলামের একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় তিনি ঠিকাদারদের কাছ থেকে নগদে ঘুষ নিচ্ছেন। 

অভিযোগ রয়েছে চসিকে কর্মরত ঠিকাদাররা বিল পাস করাতে গেলে ৫০০ থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা নগদ ঘুষ দিতে হয়। বিল কম হলে ৫০০ টাকা এবং বেশি হলে ৫০০০ থেকে ১০ হাজার টাকা ঘুষ দিতে হয়। ঘুষ পেলেই তিনি চেক ডেলিভারি করেন। অন্যথায় চেকের জন্য ঘুরতে হয় ঠিকাদারদের। আর এই ঘুষ তিনি নিজের চেয়ারে বসেই গ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত