নারায়ণগঞ্জে যুবদল পেকুয়ায় শ্রমিক দল নেতা খুন

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০১:৩১ এএম

নারায়ণগঞ্জে আনোয়ার হোসেন আনু নামে এক যুবদল নেতাকে হত্যার অভিযোগ উঠেছে। ফতুল্লা মডেল থানার মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহের পশ্চিম পাশে হেলেনা সেঞ্চুরি অ্যাপার্টমেন্টের লিফটের ফাঁকা জায়গা থেকে গত সোমবার রাত ৮টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে নিহতের বড় ভাই আবুল কালাম বাদশা থানায় মামলা করেন। মামলার পর নিহতের ছেলেমেয়েসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

নিহত আনোয়ার হোসেন আনু নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহসভাপতি। তিনি শহরের দেওভোগ এলএন রোড এলাকার মৃত সায়েদ আলীর ছেলে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনিরের ছোট ভাই। আনু ওই অ্যাপার্টমেন্টের নয়তলায় ছেলেমেয়ে নিয়ে বসবাস করতেন।

আটকদের মধ্যে রয়েছেন নিহতের মেয়ে জান্নাত আরা জাহান প্রেরণা (২৩), ছেলে সাদির হোসেন (২০), শ্যালক নূর আলম (৪৮), জেটাইস রোকসানা আক্তার পুতুলসহ (৪৫) আরও একজন।

বাদীর অভিযোগ, আসামিরা সম্পত্তির লোভে তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ লিফটের ফাঁকা জায়গা ফেলে রেখেছে। ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম মিয়া বলেন, এ ঘটনায় নিহতের ভাই হত্যা মামলা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলেমেয়েসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

এদিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর পশ্চিম জোন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ওরফে শওকত (৩৪) প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে পেকুয়া বাজারের পশ্চিম পাশে গ্রামীণ ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার সহোদর মোহাম্মদ শাকের ও চাচাতো ভাই মোহাম্মদ তারেক আহত হন। আহতদের পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে শ্রমিক দলের দুটি পক্ষ পেকুয়া সিএনজি, টেম্পো, অটোরিকশা শ্রমিক ইউনিয়নের লাইন দখল নিতে মরিয়া হয়ে ওঠে। এর জেরে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত