ধেয়ে আসছে টাইফুন, জাপানে বাতিল ফ্লাইট-রেল চলাচল

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১১:১৪ পিএম

জাপানের ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন সানসান। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) বুধবার (২৮ আগস্ট) জরুরি সতর্কতা জারি করেছে। বার্তা সংস্থা এপির খবরে বিষয়টি জানা যায়।

টাইফুন সানসান ইয়াকুশিনা দ্বীপ থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) উত্তর-পশ্চিমাঞ্চলীয় কায়ুশু দ্বীপে উত্তরের কাগোশিনা এবং মিয়াজাকাই প্রশাসনিক এলাকার দিকে ধেয়ে আসছে ঝড়টি।

টাইফুনের প্রভাবে বন্যা, ভূমিধস হতে পারে বলে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। টাইফুন সানসান যেসব জায়গার ওপর দিয়ে বয়ে যেতে পারে সেসব এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। টয়োটার মতো বিখ্যাত গাড়ি তৈরি কারখানাগুলো বন্ধ রাখা হয়েছে। বাতিল হয়েছে বেশকিছু ফ্লাইট এবং ট্রেন চলাচল।

জাপানের চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের বলেন, ‘সানসান প্রবল শক্তি নিয়ে দক্ষিণাঞ্চলীয় কায়ুশু দ্বীপের ওপর দিয়ে বয়ে যাবে। অতীতের যে কোনও ঝড়ের চেয়ে এটি শক্তিশালী হতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত