জাতিসংঘের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে গণ অধিকার পরিষদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতিসংঘের আবাসিক কার্যালয়ে এ বৈঠক হয়। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বৈঠকে অংশ নেন। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে জুলাই-আগস্টে আওয়ামী ফ্যাসিবাদ কর্র্তৃক পরিচালিত গণহত্যা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে গণহত্যার প্রকৃত সংখ্যা নির্ণয়ে জাতিসংঘের টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল সাপোর্ট, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের কার্যকরী সংস্কারে এবং অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জাতিসংঘের সহায়তা চাওয়া হয়।
এতে আরও বলা হয়, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও ছাত্রলীগ-যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি জানানো হয়। সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দলের নেতাকর্মীদের চালানো সহিংসতা, গণহত্যাসহ গত ১৫ বছরের গুম, খুনের নিরপেক্ষ তদন্তে জাতিসংঘের টেকনিক্যাল সহযোগিতা চাওয়া হয়।
