ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তে বাংলাদেশ অংশে ভারতীয় মর্টার শেল পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে লড়াইঘাট সীমান্তে একটি সবজি ক্ষেতে মর্টার শেলটি পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করে প্রতিবাদ জানিয়েছে বিজিবি। আজ রবিবার বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের কথা রয়েছে।
স্থানীয়রা জানান, গত ১৬ আগস্ট রাত ১০টার দিকে লড়াইঘাট বিজিবি ক্যাম্প থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিকট শব্দ হয়ে চারপাশ আলোকিত হয়। আলো ও শব্দের উৎস জানতে না পারায় বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছিল এলাকাবাসী। এর মধ্যে গতকাল সকালে ওই গ্রামের কৃষক নাজু হোসেন তার শিমের জমিতে একটি মর্টার শেল দেখেন।
কৃষক নাজু হোসেন বলেন, আমরা ১৬ তারিখে ভেবেছিলাম ড্রোনের কারণে বা অন্য কোনো কারণে এমন হয়েছে। বিষয়টি নিয়ে সে সময় তেমন গুরুত্ব দিইনি। কিন্তু আজ সকালে (গতকাল) মাঠে গিয়ে মর্টার শেল দেখতে পাই। এ ব্যাপারে মহেশপুর খালিশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান জানান, মর্টার শেল পাওয়ার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষীদের কাজে প্রতিবাদ পাঠানো হয়েছে। সেইসঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হলে তারা আজ (গতকাল) করতে অস্বীকার করেছে। তবে আগামীকাল (আজ) পতাকা বৈঠক হবে। ঢাকা থেকে বোম্ব ডিস্পোজাল ইউনিট এসে মর্টার শেল নিষ্ক্রিয় করবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
