চোরাই ট্রলার না ছাড়ায় ইউপি সদস্যকে মারধর

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩২ এএম

বরগুনার তালতলীতে চোরাই ট্রলার টাকার বিনিময়ে না দেওয়ায় ইউপি সদস্য জামাল খানকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় দুই সাংবাদিকসহ আরও কয়েকজনের বিরুদ্ধে। আহত ইউপি সদস্যকে চিকিৎসা নিতে না দিয়ে অবরুদ্ধ করে রাখলে ইউএনও তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গতকাল রবিবার দুপুরে ইউপি সদস্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর আগে গত শনিবার রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মরানিদ্রা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, লক্ষ্মী পরিবহন নামের একটি ট্রলার স্থানীয় কয়েকজন চুরি করে ইউনিয়নের নিদ্রা সøুইসগেট খালে নোঙর করে পালিয়ে যায়। পরে ইউপি সদস্য জামাল প্রশাসনের নির্দেশে ট্রলারটি নিজ জিম্মায় রাখেন। এরপর আবু কালাম, আল আমিনসহ ২৫-৩০ জন রাতে জামালকে চোরাই ট্রলারটি দেওয়ার জন্য অনৈতিক প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় জামালকে তারা মারধর করে মাথা ফাটিয়ে দেয় ও বিবস্ত্র করে। স্থানীয়রা জামালকে উদ্ধার করে হাসপাতালে নিতে চাইলে তারা বাধা দেন। পরদিন দুপুরে ইউএনও তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। অভিযুক্ত আবু কালাম বলেন, ‘ওই ঘটনাটি আমার এলাকায় হওয়ায় বশিরের অনুরোধে ঘটনাস্থলে যাই। তবে মারধরের সঙ্গে আমি জড়িত নই।’

ইউএনও সিফাত আনোয়ার তুমপা বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত