গিয়াস কাদের বললেন

আমার বাবা-ভাইকে হত্যা করেছে আওয়ামী লীগ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৪ এএম

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, ‘আমার বাবা শহীদ একেএম ফজলুল কাদের চৌধুরী ও বড় ভাই শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে জেলখানায় রেখে নাটক সাজিয়ে হত্যা করেছে আওয়ামী লীগ। আমাদের মতো দেশের বহু মানুষকে হত্যা, গুম, নির্যাতন করেছে একমাত্র বিএনপি করার অপরাধে, ইসলামি মূল্যবোধ বুকে ধারণ করায়।’

গতকাল রবিবার দুপুরে ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নের মোহাম্মদ তকিরহাট বাজারে তার আগমন উপলক্ষে স্থানীয় বিএনপির গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ফটিকছড়ি উপজেলা বিএনপির ইফতার মাহফিলে বক্তব্যে বলেছিলাম, এ দেশের মানুষকে মুক্ত করতে, গণতন্ত্র ফিরিয়ে আনতে আরেকটি আগস্টের প্রয়োজন। এ বক্তব্যের কারণে আমার বিরুদ্ধে হাসিনার স্বৈরাচারী সরকার মামলা করে তিন বছরের জেল দিয়েছে। তবে এ আগস্টে স্বৈরশাসকের পতন হবে, হাসিনা পালিয়ে যাবে, তা আমি নিজেও কল্পনা করিনি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত