রাজশাহীতে পদ্মায় নৌকাডুবি নিখোঁজ ৪ 

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৮ এএম

রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় চারজন নিখোঁজ হয়েছেন। গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে নদীর দুর্গম চর মাঝারদিয়াড় এলাকায় নৌকাডুবিতে নিখোঁজ চারজনই শ্রমিক।

গতকাল সোমবার দিনভর উদ্ধার অভিযান চালিয়েও তাদের সন্ধান মেলেনি। নিখোঁজ ব্যক্তিরা হলেন চর মাঝারদিয়াড়ের মো. রাজু, সবুজ, মোহাম্মদ আলী এবং ফারুক। এদের মধ্যে রাজু ও সবুজ চাচাতো ভাই। মোহাম্মদ আলী রাজুর দুলাভাই। আর ফারুক তাদের প্রতিবেশী।

স্থানীয়রা জানান, রবিবার চরের জমিতে কাজ করে সন্ধ্যায় একটি নৌকায় ১৬ জন ফিরছিলেন। এ সময় নৌকাটি ডুবে গেলে ১২ জন সাঁতরে পাড়ে উঠে আসেন। তবে চারজন নিখোঁজ হন। এর পরপরই উদ্ধার অভিযান শুরু করেন স্থানীয়রা। সোমবার সকাল ৬টা থেকে উদ্ধার অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে নদী উত্তাল থাকায় বেলা ১১টার দিকে উদ্ধার অভিযান শেষ করেন তারা।

রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এ কে এম মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা যাচ্ছে না। আপাতত অভিযান আর চালানো হবে না।

এদিকে পদ্মাপাড়ে প্রিয়জনের অপেক্ষার প্রহর গুনছেন স্বজনরা। নিজেরাও চেষ্টা করছেন লাশ খুঁজতে। অনেকেই আবার ছুটছেন নৌকা নিয়ে এপার থেকে ওপারে।

নিখোঁজ সবুজের স্বজন মেজর আলী বলেন, ‘ভরা নদীতে মানুষ পানিতে নেমে খুঁজতেও ভয় পাচ্ছে। যদি তারা জীবিত থাকত তাহলে এতক্ষণে পাওয়া যেত। ধরে নিতে হবে তারা আর বেঁচে নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত