পশ্চিমবঙ্গে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৩ এএম

ধর্ষণের শাস্তি ও বিচারের দাবিতে ভারতের পশ্চিমবঙ্গে চলছে আন্দোলন। প্রতিদিনই রাজ্যটির বিভিন্ন জায়গায় প্রতিবাদী মিছিল ও কর্মসূচি অব্যাহত রয়েছে। আন্দোলনকারীদের প্রতিবাদের মধ্যেই ধর্ষণের জন্য সর্বোচ্চ শাস্তি প্রদানে আইনে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছিলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেটি বাস্তবায়নে যুগান্তকারী এক পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিধানসভায় ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে একটি বিলটি পাস হয়েছে। এর মধ্য দিয়ে ভারতের প্রথম কোনো রাজ্য, ধর্ষণ ও শিশুদের যৌন নিপীড়নবিরোধী কেন্দ্রীয় আইনে সংশোধনীর উদ্যোগ নিল।

বিধানসভার বিশেষ অধিবেশনে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে বিলটি উত্থাপন করেন। ‘দ্যা অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল ২০২৪’ নামের এই বিলটি অনুমোদনের জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে পাঠানো হবে। তিনি অনুমোদন দেওয়ার পর এটি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি অনুমোদন করলে তা আইনে পরিণত হবে। পশ্চিমবঙ্গের কলকাতায় আর জি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে বিলটি পাসের উদ্যোগ নেওয়া হয়ে। এ সময় মমতা বলেন, ‘ধর্ষণ মানবতাবিরোধী অভিশাপ। এ ধরনের অপরাধ ঠেকাতে সামাজিক সংস্কার প্রয়োজন।’ এ বিলের মধ্য দিয়ে কেন্দ্রীয় আইনে থাকা ফাঁক-ফোকরগুলো বন্ধ হবে বলে মন্তব্য করেন তিনি।

পাস হওয়া নতুন বিলে ধর্ষণের শাস্তি হিসেবে আমৃত্যু কারাদণ্ড কিংবা মৃত্যুদণ্ড এবং জরিমানার বিধান রাখা হয়েছে। ধর্ষণের শিকার হয়ে মৃত্যু কিংবা কোমায় চলে যাওয়ার ঘটনায় ধর্ষকের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে। আর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আমৃত্যু কারাদণ্ড বা মৃত্যুদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে। পাশাপাশি ভুক্তভোগীর নাম প্রকাশ, ধর্ষণ মামলায় অনুমতি ছাড়া বিচারপ্রক্রিয়ার বিবরণ প্রকাশ হলে তিন থেকে পাঁচ বছর কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে। এ ছাড়া ১৬ বছরের কম বয়সী নারীকে ধর্ষণে ন্যূনতম সাজা ২০ বছর কারাদণ্ড কিংবা আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও জরিমানার কথা বলা হয়েছে। আর ১৮ বছরের কম বয়সী নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হলে তার সাজা হবে আমৃত্যু কারাদণ্ড ও জরিমানা অথবা মৃত্যুদণ্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত