একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও দলীয় কর্মসূচিতে বিএনপি নেতাদের মারপিটের অভিযোগে নাটোর-৩ (সিংড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিগত আওয়ামী লীগ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলকের নামে নাটোরের সিংড়া থানায় দুটি মামলা হয়েছে। বিএনপি ও যুবদলের দুই নেতা মামলা দুটির বাদী।
সোমবার রাতে পৃথক দুটি মামলা করেন বিএনপি ও যুবদলের দুই নেতা। উপজেলার ১২ নম্বর রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বাদী হয়ে সিংড়া থানায় একটি মারপিটের মামলা করেন। এতে প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। পলক ছাড়াও ১৫ জনের নাম উল্লেখ করে আরও ৩০-৪০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
সিংড়া থানার ওসি আবুল কালাম মামলা দুটির সত্যতা নিশ্চিত করে বলেন, সাবেক প্রতিমন্ত্রী পলকসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ফরিদপুরে সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনসহ তার সহযোগীদের বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার মামলা হয়েছে। গতকাল ফরিদপুর দ্রুত বিচার আদালতে এ মামলাটি দায়ের করেন জেলা স্বেচ্ছাসেবক দলেরা আহ্বায়ক কমিটির সদস্য মো. দিলদার হোসেন সবুজ। মামলায় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মোহতেশাম হোসেন বাবর, যুবলীগের সাবেক আহ্বায়ক নাজমুল হাসান খন্দকার লেভি, ছাত্রলীগ নেতা সুপ্ত খানসহ ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।
