সীমান্তে হত্যার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১২ এএম

সীমান্তে শিশু হত্যা ও ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘আধিপত্যবাদবিরোধী মঞ্চ’। গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে মশাল হাতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কয়েকটি সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশে চলমান সব ভারতীয় প্রকল্প বাতিলের দাবি জানান।

মশাল মিছিলে শিক্ষার্থীদের ‘ভারতীয় আগ্রাসন, রুখে দেবে জনগণ’, ‘চলবে না চলবে না, সীমান্ত হত্যা চলবে না,’ ‘ভারতীয় দালালরা, এই মুহূর্তে বাংলা ছাড়’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে বক্তারা বলেন, ‘মধ্যপ্রাচ্যে ইসরায়েল নামক একটি বিষফোড়া রাষ্ট্র আছে, যারা কোনো রাষ্ট্রকে শান্তিতে থাকতে দেয় না। ঠিক দক্ষিণ এশিয়াতেও একটি বিষফোড়া রাষ্ট্র আছে, সেটি হচ্ছে ভারত। আশপাশের প্রতিটি রাষ্ট্রের সঙ্গে তাদের বিরোধিতাপূর্ণ সম্পর্ক। বাংলাদেশকে তারা বারবার বন্ধু রাষ্ট্র বলে এলেও এমন কোনো আগ্রাসন নেই, যা তারা বাংলাদেশের প্রতি করেনি। বাংলাদেশের মানুষ আর ভারতীয় আধিপত্যবাদ মেনে নেবে না।’

তারা আরও বলেন, কিছুদিন আগেই ভারত পানি সন্ত্রাসের মাধ্যমে মানুষের ওপর আগ্রাসন চালায়। এরপরই ফের মৌলভীবাজার সীমান্তে স্বর্ণা দাস নামে এক কিশোরীকে গুলি করে হত্যা করেছে। ১৫ বছরে ছয় শতাধিক মানুষকে হত্যা করেছে ভারতীয় বিএসএফ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত