নোভাক জকোভিচ ও কোকো গফ বিদায় নিয়েছেন আগেই। গত বুধবার ২০২১ সালের পুরুষ এককের চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভ ও ২০২২ সালের নারী চ্যাম্পিয়ন ইগা সোয়ানতেকের বিদায়ে নিশ্চিত হয়ে গেল, দুই বিভাগেই এবার নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে ইউএস ওপেন।
পাঁচটি গ্র্যান্ড সø্যামজয়ী সোয়ানতেকের একের পর এক ভুলের সুযোগ কাজে লাগিয়ে তাকে ৬-২, ৬-৪ গেমে বিধ্বস্ত করে শেষ চারে উঠে গেছেন জেসিকা পেগুলা। সেমিফাইনালে জেসিকার প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা। আরেক সেমিফাইনালে খেলবেন দ্বিতীয় বাছাই আরিনা সাবালেংকা ও এমা নাভারো।
বুধবারের আরেকটি উল্লেখযোগ্য লড়াই ছিল পুরুষ এককের কোয়ার্টার-ফাইনাল। সেখানে সাবেক চ্যাম্পিয়ন মেদভেদেভকে ৬-২, ১-৬, ৬-১, ৬-৪ গেমে হারান এটিপি র্যাংকিংয়ের নম্বর ওয়ান ইয়ানিক সিনার। অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপাজয়ী এই প্রথম ইউএস ওপেনের সেমিফাইনালে উঠলেন। সেমিফাইনালে তার প্রতিপক্ষ এবারের টুর্নামেন্টে চমক দেখানো ব্রিটিশ খেলোয়াড় জ্যাক ড্র্যাপার। অন্য সেমিফাইনালে লড়বেন দুই আমেরিকান ফ্রান্সেস টিয়াফো ও টেইলর ফ্রিটজ।
