কর ফাঁকি মামলায় দোষ স্বীকার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরুর প্রস্তুতিকালেই দায় স্বীকার করেন বাইডেনপুত্র।
তার বিরুদ্ধে আনা ৯টি অভিযোগের সবগুলোই স্বীকার করেছেন হান্টার বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, আদালতে তার বিরুদ্ধে ৫৬ পৃষ্ঠার অভিযোগপত্র জমা দেন প্রসিকিউটররা। হান্টারের বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ ও ২০১৯ সালের মধ্যে ইচ্ছাকৃতভাবে ১ কোটি ৪০ লাখ ডলার আয়কর পরিশোধ করেননি তিনি। এ মামলায় হান্টারের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। সেই সঙ্গে পাঁচ থেকে ১০ লাখ ডলার পর্যন্ত জরিমানাও করা হতে পারে প্রেসিডেন্টপুত্রকে।
শুরুতে হান্টার এ অভিযোগ অস্বীকার করেছিলেন। তবে দায় স্বীকার করে নেওয়ায় শাস্তির বিষয়ে তিনি অবগত আছেন কি না সে বিষয়ে হান্টারের কাছে জানতে চান বিচারক মার্ক স্কারসি। তার উত্তরে, শাস্তির বিষয়ে অবগত থাকার কথা জানান হান্টার।
এ নিয়ে দ্বিতীয় ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলেন বাইডেনপুত্র।
