বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব এলাকায় যে বন্যা হয়েছে সেটিও এই ষড়যন্ত্রেরই অংশ।’ গতকাল শুক্রবার ফেনীতে বন্যাদুর্গদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন, বলে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে।
জাহিদ হোসেন বলেন, ‘শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র ভারত বাংলাদেশকে না জানিয়ে বাঁধ খুলে দেওয়ায় নোয়াখালী, ফেনী, কুমিল্লাসহ বাংলাদেশের দক্ষিণপূর্ব জেলাগুলো পানিতে ডুবে যায়। মানুষের হাজারো ঘরবাড়ি, গরু, ছাগল পানিতে ভেসে যায়। এমনকি বন্যার পানিতে ডুবে মারা গেছে শিশুসহ অসংখ্য মানুষ।’
রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকার গার্মেন্টস শ্রমিকরা যে আন্দোলন করছে সে সম্পর্কে তিনি বলেন, ‘ষড়যন্ত্রকারী চক্রটি এখন গার্মেন্টস সেক্টরকে অশান্ত করার পাঁয়তারা করছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই সফল হবে না।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ১০ নম্বর গোপাল ইউনিয়নের নতুন মুহুরীগঞ্জ বাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সাধারণ রাজীব আহসান, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, গোপাল ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা মজুমদার ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
এরপর ডা. জাহিদের নেতৃত্বে খালেদা জিয়ার জন্মভূমি ফেনীর ফুলগাজী উপজেলায় বিভিন্ন এলাকায় বন্যার্ত মানুষের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
