মিশেল বার্নিয়েকে নিয়ে ফ্রান্সে প্রতিবাদ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৩ এএম

মিশেল বার্নিয়েকে প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্তে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ফ্রান্সের বামপন্থিরা। দেশটিতে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে আগাম নির্বাচন শেষ হওয়ার প্রায় দুই মাস পর, গত বৃহস্পতিবার ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। এরপর থেকেই তার এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে দেশটির বামপন্থি দলগুলো। দেশটির সর্বশেষ পার্লামেন্ট নির্বাচনে সবচেয়ে বেশিসংখ্যক আসনে জয় পায় বাম দলগুলো। তবে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে হচ্ছে ফরাসিদের। বামপন্থিদের অভিযোগ, তাদের প্রস্তাবিত প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে নিজের পছন্দমতো প্রার্থী নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট মাখোঁ।

প্রধানমন্ত্রী হিসেবে বামদের প্রার্থী ছিলেন লুসি ক্যাসেটস। জাতীয় পরিষদে আস্থা ভোটে তিনি টিকবেন না এমন অজুহাত দেখিয়ে লুসির নাম প্রত্যাহার করেন মাখোঁ। এরই প্রতিবাদে প্যারিস, নঁতেসহ বিভিন্ন শহরে প্রতিবাদ মিছিল করেন ফরাসি বামপন্থিরা। সেই সঙ্গে অভিবাসনসহ নানা বিষয়ে ডানপন্থি মিশেল বার্নিয়ের কঠোর অবস্থানের কারণে তার সমালোচনাও করেন বাম দলগুলোর নেতার।

তবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে সব দলের প্রতিনিধি নিয়ে সরকার গঠনের ঘোষণা দিয়েছিলেন বার্নিয়ে। দায়িত্ব নিয়েই ডানপন্থি রিপাবলিকান ও প্রেসিডেন্ট মাখোঁর নেতৃত্বদানকারী দলের সঙ্গে বৈঠক করেন। সরকার গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। গত শুক্রবার এক টেলিভিশন সাক্ষাৎকারে বার্নিয়ে বলেন, সম্ভাব্য সরকারে বামসহ সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করবেন তিনি।

তবে প্রধানমন্ত্রী হিসেবে বার্নিয়ের ভাগ্য নির্ভর করবে ডানপন্থি রিপাবলিকানদের ওপর। যদিও আগেই বার্নিয়ের সরকারের না থাকার কথা জানিয়েছিল দলটি। বামপন্থিরা আস্থা ভোটের হুমকি দিলেও, ডানপন্থিদের সমর্থন না থাকলে মিশেল বার্নিয়েকে সরাতে পারবেন না তারাও। এদিকে, বার্নিয়ে সমর্থন না জানালেও, শেষ সময় পর্যন্ত পরিস্থিতি পর্যালোচনার কথা জানিয়েছে ন্যাশনাল র‌্যালি ও তার মিত্র দলগুলো। পাশাপাশি বার্নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে কী কী প্রস্তাবনা আনবেন তার ওপর নির্ভর করে বার্নিয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে দলটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত