ছাত্র আন্দোলনের সময় রাজধানীর বাড্ডায় কিশোর হৃদয় আহম্মেদ হত্যা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি জামিনের আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাদেক তিন দিনের রিমান্ড শেষে দিলীপ কুমার আগারওয়ালাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ৩ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান থেকে দিলীপ কুমার আগারওয়ালাকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরদিন তাকে হৃদয় হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। গত ১৯ জুলাই ছাত্র আন্দোলন চলাকালে সময় বাড্ডা থানাধীন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিতে নিহত হয় কিশোর হৃদয়। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬১ জনের বিরুদ্ধে এ মামলাটি করা হয়।
