চালকের হাত-মুখ বাঁধা লাশ উদ্ধার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৪ এএম

নিখোঁজের দুদিন পর সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুরের একটি ইটভাটার পরিত্যক্ত স্তূপ থেকে গতকাল শনিবার সকালে অটোভ্যানচালক মুঞ্জিল শেখের (৫৫) হাত, পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মুঞ্জিল শেখ রঘুনাথপুর গ্রামের মৃত আছাব আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে অটোভ্যানচালক মুঞ্জিল ভূঁইয়াগাতি বাজার থেকে যাত্রী নিয়ে সলঙ্গার দিকে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল সকালে রঘুনাথপুর এলাকার দেশ ইটভাটার একটি পুরনো ইটের স্তূপের মধ্যে মুঞ্জিলের হাত, পা ও মুখ বাঁধা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

সলঙ্গা থানার ওসি কে এম রবিউল ইসলাম বলেন, যাত্রীবেশে দুর্বৃত্তরা মুঞ্জিলের অটোভ্যানে রওনা দিয়ে পথে ফাঁকা স্থানে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর হাত, পা ও মুখ বেঁধে শ্বাসরোধে হত্যার পর ঘটনাস্থলে লাশ ফেলে অটোভ্যান ছিনতাই করে পালিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত