চূড়ান্ত বিজয় এখনো আসেনি: হাসনাত আবদুল্লাহ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৮ পিএম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 

রবিবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের হাজারো শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এছাড়া রাসেল আহমেদ, খান তালাত মাহমুদ রাফিসহ চবির অন্য সমন্বয়করাও উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যখন বিভাজনের সময় আসে তখন আমরা এক হয়ে যাই। ৪৭ এর দেশভাগের সময়, ৯০ এর গণঅভ্যুত্থানে, ২৪ এর গণঅভ্যুত্থানে আমরা এক হয়ে গিয়েছিলাম। এ সময় আমরা কাউকে জিজ্ঞাসা করিনি কে সরকারি চাকরি করে- কে করে না, কে বিসিএস ক্যাডার- কে ক্যাডার নয়। এভাবে পৃথিবীর সবকিছুতেই ভাঙার সময় এক হয়ে যাই। কিন্তু যখন গঠনের সময় আসে তখন বিভাজিত হয়ে যাই। ২৪ এর গণঅভ্যুত্থানে ৫ আগস্টের আগে আমাদের মাঝে কোনো ধরনের বিভেদ ছিল না। যখন রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের প্রশ্ন এসেছে, তখনই বিভাজন তৈরি হয়েছে। যেমন হয়েছিল ৪৭ এর পর মাত্র ৫ বছরের ব্যবধানে। ঠিক তেমনি ৭১ সালেও।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘আমি কখনো ভাবিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি আসতে পারব। শত শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা মুক্ত আকাশে স্বাধীনভাবে কথা বলতে পারছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠিক করবে আগামীর বিশ্ববিদ্যালয় কেমন হবে। রাষ্ট্র সংস্কার কাজে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সুন্দর করতে সাজাতে পারি, তাহলে তার ধারাবাহিকতায় পুরো বাংলাদেশকে সাজাতে পারব। যদি কোনো রাজনৈতিক দল ক্যাম্পাসে প্রবেশ করে, তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রতিহিত করব।’
 

সভায় শিক্ষার্থীরা রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় সংস্কার প্রসঙ্গে সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বাকবিতণ্ডা ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে হাসনাত আবদুল্লাহসহ অন্যদের অনুরোধে পরিস্থিতি স্বাভাবিক হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত