কিশোরগঞ্জর ভৈরবে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী ও পুরুষ নিহত হয়েছেন। গতকাল রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের ভৈরবের ২৯ নম্বর রেলওয়ে সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে রেলওয়ে সেতুর নিচে তাদের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নারীটিকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত পুরুষটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেন। কিন্তু এরই মধ্যে পুরুষটিও মৃত্যুবরণ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ বলেন, তাদের পরিচয় শনাক্ত করা না গেলেও ধারণা করা হচ্ছে তারা স্বামী-স্ত্রী ছিলেন। তারা ট্রেন থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন।
জানতে চাইলে রেলওয়ে থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আলীম হোসেন গতকাল জানান, তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
