বরগুনার আমতলীতে নকল ধানবীজ রোপণ করার এক মাসের মধ্যে চারায় ধান আসায় বিপাকে পড়েছেন উপজেলার গোছখালী গ্রামের প্রায় অর্ধশত কৃষক।
কৃষকরা ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন। গতকাল সোমবার বেলা ১১টায় গোছখালী গ্রামে কৃষক মজিবুর রহমানের নেতৃত্বে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, স্থানীয় ডিলার মো. চাঁন মিয়ার কাছ থেকে ১ মাস আগে প্রাইম কোম্পানির লাল গুটি স্বর্ণা বীজধান কিনে রোপণ করেন। কিন্তু বীজ রোপণের ১ মাসের মধ্যে ধান চারায় ধান চলে এসেছে। এতে গোছখালী গ্রামের ৫০ একর জমির ধানের চারা নষ্ট হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক ওসমান গনি, মনিরুল, বেল্লাল, মজিবর খলিফা, ছালাম মোল্লা, আল আমিন বলেন, আমরা স্থানীয় ডিলার মো. চাঁন মিয়ার কাছ থেকে বীজ কিনে রোপণের ১ মাসের মধ্যে ধানের চারায় থোড় এসেছে। এই ধান পরিপক্ক হবে না। এই বীজ নকল। আমরা ডিলারের কাছ থেকে ক্ষতিপূরণ তার বিচারের দাবি জানাই।
স্থানীয় ডিলার মো. চান মিয়া বলেন, ‘আমি প্রতারণার শিকার। ডিলার ইউনুস আমাকে নকল বীজ সরবরাহ করেছেন। আমতলী হাসপাতাল রোডের ইউনুস অ্যান্ড সন্স-এর ডিলার ইউনুস মিয়ার কাছ থেকে এই বীজ কিনে কৃষকদের কাছে বিক্রি করেছি। বিষয়টি ডিলার ইউনুসকে জানানো হয়েছে।’
ইউনুস অ্যান্ড সন্স-এর মালিক বীজডিলার মো. ইউনুস মিয়া মোবাইলফোনে বলেন, ‘লালগুটি স্বর্ণা ধানের বীজ রোপণের ২৫ দিনের মধ্যে চারা রোপণ করতে হবে।
কৃষকরা দেড় মাস বয়সে চারা রোপণ করায় চারায় ধান চলে এসেছে। আমার সরবরাহ করা বীজ নকল নয়।’
