নরসিংদীর পলাশে হাটবাজার পরিচালনা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির নেতকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে উপজেলার চরসিন্দুর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত কয়েক দিন ধরে চরসিন্দুর ইউনিয়নের চরসিন্দুর বাজারে কলার হাট ও পশুর হাট পরিচালনা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে ইউনিয়নের বিএনপির কিছু নেতাকর্মীর বিরোধ চলছিল। গতকাল সাপ্তাহিক হাট চলাকালে শিক্ষার্থীরা হাটে অবস্থান নেন। সন্ধ্যার পর বিএনপির শতাধিক নেতাকর্মী হাটে অবস্থান নিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ২০ জন আহত হন।
আহত শিক্ষার্থী শান্ত জানান, বিএনপির কিছু নেতাকর্মী অবৈধভাবে হাটবাজারে চাঁদা তুলত। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বাধা দিয়ে তাদের কাছ থেকে হাটবাজার উন্মুক্ত করে। গতকাল হাট চলাকালে রাত ৮টার দিকে বিএনপির শতাধিক নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে ১৫ শিক্ষার্থী আহত হয়।
পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এলাকার বাইরে থাকায় কী কারণে এ ঘটনা তা জানতে পারিনি।’
পলাশ থানার ওসি মো. ইকতিয়ার উদ্দিন জানান, সাপ্তাহিক হাট পরিচালনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
