বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন : রাহুল

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৬ এএম

বাংলাদেশে ‘উগ্রবাদের উপস্থিতি’ নিয়ে ভারত ‘উদ্বিগ্ন’ বলে মন্তব্য করেছেন দেশটির লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তবে বাংলাদেশের পরিস্থিতি ‘স্থিতিশীল’ হয়ে আসবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন কংগ্রেসের এ নেতা। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ভবিষ্যতে যেকোনো সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বলেছে, চার দিনের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করা রাহুল স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনের জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন।

রাহুল বলেন, ‘বাংলাদেশে উগ্রবাদীদের উপস্থিতি নিয়ে ভারতে উদ্বেগ আছে এবং আমরাও উদ্বিগ্ন। আমি আত্মবিশ্বাসী, বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল হবে এবং আমরা বর্তমান সরকার বা তার পরে অন্য কোনো সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে সক্ষম হব।

এর আগে রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ক্যাপিটল হিলে একদল মার্কিন আইনপ্রণেতার সঙ্গে বৈঠক করেন। রাহুল সে বিষয়টি উল্লেখ করে বলেন, আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকে আমরা বাংলাদেশের প্রসঙ্গ তুলে ধরি এবং তারাও এ বিষয়ে কথা বলেছেন।

রাহুল বলেন, দেখুন, আমরা যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে। আমরা এটা বন্ধ করতে চাই। সত্যি বলতে যত তাড়াতাড়ি সম্ভব সহিংসতা বন্ধ করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। আমাদের সরকারের দায়িত্ব সহিংসতা বন্ধে চাপ প্রয়োগ করা।

প্রবল আন্দোলনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। শেখ হাসিনার সরকারের পতনের পর দেশে হিন্দু ধর্মের মানুষদের ওপর হামলা, তাদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের কিছু ঘটনা ঘটে। এ নিয়ে দিল্লিতে সর্বদলীয় বৈঠকে শঙ্কা প্রকাশ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত