ব্যবসায়ী-অটোরিকশা চালক সংঘর্ষে অর্ধশত আহত

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৩ এএম

সিএনজিচালিত অটোরিকশা পার্কিং নিয়ে বিরোধের জেরে সিলেটে ব্যবসায়ী ও অটোরিকশা চালকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর বন্দরবাজারে দফায় দফায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয়। ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশত লোক আহত হয়েছেন। পরে উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্দরবাজার সিটি সুপার মার্কেটের সামনে অটোরিকশা পার্কিং ও যাত্রী উঠানো-নামানো নিয়ে কয়েকদিন ধরে মার্কেটের ব্যবসায়ী এবং অটোরিকশা চালকদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। ব্যবসায়ীরা মার্কেটের সামনে যানজট এড়াতে এখানে অটোরিকশা পার্কিংয়ে নিষেধ করেন। কিন্তু চালকরা তা মানছিলেন না। গতকাল মার্কেটের সামনে একটি অটোরিকশায় দাঁড় করালে ব্যবসায়ীরা তা সরাতে বলেন। এ নিয়ে অটোরিকশা চালক ও ব্যবসায়ীদের মধ্যে বাগবিত-া হয়। একপর্যায়ে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

অটোরিকশা চালকরা মার্কেটের পাঁচ-ছয়টি দোকান ভাঙচুর করেন। এরপর ব্যবসায়ীরা হামলা চালিয়ে ২০-২৫টি অটোরিকশা ও প্রাইভেটকার ভাঙচুর করেন। উভয়পক্ষে দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। বিকেল ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার শাহরিয়ার আলম জানান, অটোরিকশা পার্কিং নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত