রাজধানীর আশুলিয়া থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল শনিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের মিয়া সাত দিনের রিমান্ডে আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিন রিমান্ড মঞ্জুর করে।
এর আগে গত শুক্রবার রাত ৩টায় রাজধানীর উত্তরা থেকে জ্যোতিকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশের একটি দল। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার পুলিশ সুপার আহমেদ মুঈদ বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শাফি মুদ্দাসির খানের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা হয়েছে। সেই মামলায় উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১১ সেপ্টেম্বর ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী রবি-উস-সানি শিপু বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টার অভিযোগে আশুলিয়া থানায় মামলা করেন। এ মামলার এজাহারনামীয় ৪ নম্বর আসামি হলেন জ্যোতি। এ মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক সচিব ড. ফেরদৌস জামান, সাবেক সদস্য ড. মুহাম্মদ আলমগীর, ড. বিশ্বজিৎ চন্দ্র ও ড. মো. সাজ্জাদ হোসেন।
এ মামলায় বলা হয়, বাদী গত ৪ আগস্ট সকাল ১০টার দিকে ডেইরিগেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শান্তিপূর্ণভাবে যোগদান করেন। বিকেল ৩টার দিকে সন্ত্রাসী বাহিনী বাইপাইলে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর অতর্কিত গুলি ছোড়ে। আন্দোলনের সামনে অবস্থান করার কারণে বাইপাইল জামে মসজিদের ছাদের ওপর থেকে বাদীর পেটে স্নাইপার দিয়ে পুলিশ গুলি করে। বাদী সামনের দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশ তার পায়ে গুলি করলে তখন সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান। বাদীর পেটে স্নাইপারের একটি গুলি ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে যায়। বাদীর পেটে একটি, ঊরুতে দুটিসহ তিনটি গুলি লাগে। ৫ আগস্ট তারিখ থেকে ১৩ আগস্ট পর্যন্ত বাদী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। কিছুটা সুস্থ হয়ে মামলা করেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্ত্রী লুৎফুল তাহমিনা খান ও তাদের ছেলে সাফি মুদ্দাসির খান পলাতক ছিলেন। গত ১ সেপ্টেম্বর আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর দুই সন্তানের মধ্যে একমাত্র ছেলে জ্যোতি পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান সাভার রিফ্রাক্টরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া জ্যোতির বিরুদ্ধে পুলিশে পদোন্নতি, বদলি, টেন্ডার বাণিজ্য থেকে শুরু করে নির্বাচন কমিশনে নিম্নমানের সামগ্রী সরবরাহের গুরুতর অভিযোগ রয়েছে।
