মুগদায় বিরোধের জেরে সংঘর্ষে ব্যবসায়ী নিহত

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৭ এএম

রাজধানীর মুগদা মান্ডা কাজীবাড়ি মসজিদ এলাকায় দুই গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় ছুরিকাঘাতে আশিক এলাহী শাকিল (২৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই ব্যবসায়ীর আপন দুই ভাই আশিক পারভেজ সুজন (৩৮) ও আশিক শামস (২৪)। তারা আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। গত শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনার পর স্বজনরা আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের ঢামেক হাসপাতালে নিয়ে গেলে আশিক এলাহী শাকিলকে রাত ১২টার দিকে মৃত ঘোষণা করা হয়।

এ বিষয়ে গতকাল শনিবার মুগদা থানার ওসি সাজেদুর রহমান দেশ রূপান্তরকে জানান, দীর্ঘদিন ধরেই সিলিন্ডার ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ঝামেলা ছিল। শুক্রবার দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় আশিক এলাহী শাকিল ছুরিকাঘাতে মারা যান।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে জড়িতদের নাম এখন প্রকাশ করা যাচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত