নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বেসরকারি বিশ^বিদ্যালয়ের দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহতের খবর পাওয়া গেছে। গতকাল শনিবার উপজেলার কাঞ্চন ব্রিজ এলাকায় স্টেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল সকালে ল ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ফের ক্যাম্পাসে ক্লাস করতে এলে তাদের ওপর হামলা চালান ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। পরে বিষয়টি সমাধানের কথা বলে উপাচার্য ডা. চৌধুরী মফিজুর রহমান ল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের স্বাধীনতা ভবনে ডেকে নিয়ে তিরস্কার করেন। সেখান থেকে বিজয় ভবনে ফেরার পথের ফটকে ল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের আটকে দেন ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। একপর্যায়ে শিক্ষকরা আর হামলা না হওয়ার আশ্বাস দিলে ল ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা বিজয় ভবনে যাওয়ার পথে আবারও হামলা চালান ফার্মেসি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা। এতে দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়টির অফিস সহকারী আলম হোসেন, ল ডিপার্টমেন্টের শিক্ষার্থী শান্ত, শাওন, রাফি ও আরমিনসহ বেশ কয়েকজনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ক্যাম্পাসে চরম উত্তেজনা দেখা দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে স্টেট ইউনিভার্সিটির রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক বলেন, ‘পরিস্থিতি এখন শান্ত আছে। ঘটনার সুষ্ঠু সমাধান করা হবে।’
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
