ছাত্রদের ঐক্য রক্ষা করার আহ্বান জানিয়ে খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, এত দ্রুত শেখ হাসিনার প্রেতাত্মাদের কাছ থেকে নিজেদের নিরাপদ ভাবলে চলবে না। তিনি সীমান্তের অপর প্রান্তে ঘুরঘুর করছেন। তার দোসররাও বিভিন্ন জায়গায় বসে আছেন। সুযোগ পেলেই তারা আবার ছোবল মারবে।
তাই দেশের সকল রাজনৈতিক দলের মধ্যে এখনই যেন বিভেদ ও মত পার্থক্যের দেয়াল তৈরি না হয়, সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা খেলাফত মজলিস আয়োজিত পাবলিক ক্লাব মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, ৭৫’-এর ১৫ আগস্ট আওয়ামী লীগের নেতারাই শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিলেন। এ কারণেই তিনি (শেখ হাসিনা) দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কাছে কীভাবে বাবার মৃত্যুর প্রতিশোধ নেয়া যায় তার চিন্তা করছিলেন। প্রতিশোধের অংশ হিসেবেই আওয়ামী লীগের নেতাদের রেখে পালিয়েছেন ভারতে।
তিনি বলেন, সকল বিভেদ ভুলে শিক্ষার্থীরা দেশের পক্ষে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলেছিল। এই ঐক্যই বাংলাদেশের প্রাণশক্তি। এই ঐক্যই বাংলাদেশের স্বাধীনতার শক্তি।
ঠাকুরগাঁও জেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা সাঈদ আহমদ সাঈফীর সভাপতিত্বে গণসমাবেশে কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমেদ, মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এনামুল হক মূসা প্রমুখ।
৭২ সালের সংবিধান মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল: মামুনুল হক