লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম তিন ম্যাচে গোল না পাওয়ায় সমালোচিত হয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। চতুর্থ ম্যাচে করেছিলেন জোড়া গোল। শনিবার পঞ্চম ম্যাচেও গোল পেলেন তিনি। এমবাপ্পের সঙ্গে গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়রও। তাতে রিয়াল ২-০ গোলে হারায় রিয়াল সোসিয়েদাদকে। তবে জয়ের পর কোচ আনচেলত্তি বললেন, রিয়ালের জয় প্রাপ্য ছিল না!
ম্যাচে বল দখলে বা গোলমুখে শট নেওয়ায় এগিয়ে ছিল রিয়ালই তবে আনচেলত্তির এমন কথা বলার কারণ, ঘরের মাঠে সোসিয়েদাদ দারুণ খেলেছে। ভাগ্য সহায় হলে গোলও পেতে পারত স্বাগতিকরা। রিয়ালের প্রথম গোলের আগে সোসিয়েদাদের তিনটি শট পোস্টে লেগে ফেরে। আর লস ব্লাঙ্কোসদের দুটি গোলই হয়েছে পেনাল্টি থেকে।
প্রথমার্ধ গোলশূন্য থেকে বিরতিতে যায় দুই দল। ৫৬ মিনিটে আর্দা গুলেরের শট বক্সে থাকা সোসিয়েদাদের গোমেজের হাতে লাগলে পেনাল্টি পায় রিয়াল। স্পটকিক থেকে গোল করেন ভিনিসিয়ুস। চলতি মৌসুমে লিগে এটি ভিনির দ্বিতীয় গোল। ৭২ মিনিটে নিজেদের বক্সে ভিনিকে ফেলে দেন রাইট ব্যাক জন আরামবুরো। ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হয়। স্পটকিক থেকে ব্যবধান বাড়ান এমবাপ্পে। লা লিগায় এটি এমবাপ্পের তৃতীয় গোল।
ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘এই ম্যাচটা কঠিন ছিল। জয়টা আমাদের প্রাপ্য ছিল না। কারণ, রিয়াল সোসিয়েদাদ খুবই ভালো খেলেছে। আমরা শুরুটা ভালো করতে পারিনি। তারা খুব ভালো প্রেস করে খেলেছে। তবে শেষ পর্যন্ত আমরা তিন পয়েন্ট পেয়েছি।’ এমবাপ্পেকে নিয়ে আনচেলত্তি বলেন, ‘সে খুবই বিপজ্জনক। ভিনিসিয়ুস এবং বাকি স্ট্রাইকারদের সঙ্গে তার বোঝাপড়াও খুব ভালো হচ্ছে। সে অনেক উন্নতি করছে। আমি তার খেলা অনেক পছন্দ করেছি।’
লিগে পাঁচ ম্যাচে তিন জয় ও দুই ড্রতে ১১ পয়েন্টে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের পরবর্তী ম্যাচ মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে স্টুটগার্টের বিপক্ষে।
