একটি ছবি হাজার শব্দের চেয়েও শক্তিশালী। বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদের আত্মত্যাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পায় ভিন্নমাত্রা। অমরত্ব পাওয়া আবু সাঈদের জীবনের শেষ সময়ের ছবি ধরে রেখে ইতিহাসের অংশ হয়ে গেলেন ফটো সাংবাদিক আদর রহমান। তার তোলা ছবি নিয়ে প্রদর্শনী হলো রংপুরের পীরগঞ্জে জাফরপাড়া উচ্চবিদ্যালয় মাঠে।
শহীদ আবু সাঈদ স্মৃতি সংঘের তত্ত্বাবধানে আয়োজিত এই আলোকচিত্র প্রদর্শনীর শেষ দিনে দর্শনার্থীর ভিড় ছিল উপচে পড়া। দুদিনের এই আয়োজনে কয়েক হাজার মানুষ প্রদর্শনী দেখতে আসেন। গত ১৪ সেপ্টেম্বর শুরু হয়ে প্রদর্শনী চলে গতকাল রবিবার রাত পর্যন্ত। প্রদর্শনীটি ফিতা কেটে উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন।
প্রদর্শনী দেখতে আসা ছাত্র লিমন বলেন, ‘আবু সাঈদকে গুলি করার দৃশ্য টিভিতে দেখেছি। প্রদর্শনীতে এসে নিজের চোখে দেখলাম। এই প্রদর্শনী সব জেলা ও উপজেলায় করা দরকার।’
শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাদের বিচার চাই।’
শহীদ আবু সাঈদের বড় ভাই আবু হোসেন বলেন, এই ছবিগুলো অপরাধীদের শনাক্ত করতে সহায়তা করবে।
ফটো সাংবাদিক আদর রহমান বলেন, ‘আমরা শুধু আবু সাঈদের বুক চিতিয়ে থাকার সময় তার বুকে গুলি চালানোর ছবিটি দেখেছি। কিন্তু আবু সাঈদকে গুলি করার আগে পুলিশ কীভাবে তাকে বেধড়ক লাঠিপেটা করেছিল, সেই ছবিগুলো কেউ দেখেনি।’
