জামিন পাওয়ার পর ঢাকায় এনে ফের গ্রেপ্তার মানিক

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২২ এএম

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে সিলেটের কানাইঘাট থানায় পাসপোর্ট আইনে দায়ের করা মামলায় জামিন পাওয়ার পর সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে ঢাকায় আনা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে ফের গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার র‌্যাবের হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় আনা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।

মুনিম ফেরদৌস বলেন, বিচারপতি মানিককে সিলেট থেকে ঢাকায় আনা হয়েছে। ঢাকা মহানগর পুলিশে তাকে সোপর্দ করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ইসরাইল হাওলাদার বলেন, মানিক সিলেটের মামলায় জামিন পেলেও ঢাকায় তার নামে আরও চার-পাঁচটি মামলা আছে। ঢাকার একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি। তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের নিজস্ব প্রতিবেদক সিলেট জানান, এর আগে গতকাল সকালে আদালত মানিকের জামিন মঞ্জুর করেন। কানাইঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার ঘটনায় ওই মামলাটি দায়ের হয়েছিল। সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ওই মামলায় মানিককে জামিন দিয়েছে। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি কারাগারেই থাকছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত