কুমিল্লার নাঙ্গলকোটে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা বাংগড্ডা ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আছেন বাংগড্ডা ইউনিয়নের কাদবা গ্রামের বিএনপি নেতা ফয়সাল, জামাল ও রিয়াদ, বাংগড্ডার ফাহাদ, করের ভোমরা গ্রামের মামুন, রূপাবেরী গ্রামের মনজুরুল হক ও বাদশা মিয়া, গান্দাছি গ্রামের আওয়ামী লীগ নেতা শাফায়েত, ইয়াছিন, রাসেল, জাহিদ, মোহাম্মদ উল্লাহ।
এ বিষয়ে বিএনপি নেতা মোবারক দাবি করেন, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের নেতৃত্বে গান্দাছি গ্রামে তার অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে মিছিলে হামলা করে। এতে বিএনপির ১০-১২ জন আহত হয়েছেন।
এ বিষয়ে বাংগড্ডা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, গত ৫ আগস্টের পর থেকে তিনি নিয়মিত অফিস করছেন। কাদবা গ্রামের আব্দুল মন্নানের ছেলে বিএনপি নেতা কামাল মজুমদারের নির্দেশনায় মোবারক, কুতুব, মহিন, আকাশ ও শাহজাহানের নেতৃত্বে ইউনিয়ন পরিষদ লুট করতে মিছিল নিয়ে এলে এলাকার লোকজন তাদের প্রতিহত করে। তাদের লোকজনও আহত হয়েছে বলে দাবি করেন চেয়ারম্যান। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে।
এ বিষয়ে বিএনপির এক অংশ মোবাশ্বর আলম ভূঁইয়ার গ্রুপের কামাল মজুমদার বলেন, তিনি দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসী। সংঘর্ষের ঘটনার সম্পর্কে কিছুই জানেন না তিনি। এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো অভিযোগ পড়েনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
