ভয়াবহ খাদ্য সংকটের মুখে পড়েছে কিউবা। এ সংকট অবস্থার কারণে রেশনের রুটির আকার এক-চতুর্থাংশ কমিয়ে আনার ঘোষণা দিয়েছে দেশটির কমিউনিস্টশাসিত সরকার। গত মঙ্গলবার দেশটির সরকারের এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কিউবার সাধারণ নাগরিকদের মধ্যে। ১৯৫৯ সালে হওয়া ফিদেল কাস্ত্রোর বিপ্লবের অন্যতম নিদর্শন হিসেবে কিউবায় রেশনব্যবস্থা চালু করা হয়। তবে সাম্প্রতিক খাদ্য ঘাটতি কয়েক দশকের পুরোনো এ প্রকল্পকে আরও চাপের মুখে ফেলবে বলে ধারণা করা হচ্ছে। কিউবার রেশন ব্যবস্থায় মুষ্টিমেয় ভর্তুকি পণ্যের মধ্যে রুটি অন্যতম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটির ওজন ৮০ গ্রাম থেকে কমিয়ে ৬০ গ্রাম করা হবে। সেই সঙ্গে এর দামও স্থানীয় মুদ্রায় ১ পেসো কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রেশনব্যবস্থার অধীনে সব নাগরিককে কম দামে নির্দিষ্ট পরিমাণে নিত্যপণ্য সরবরাহ করা হতো।
