আইন সচিব হলেন গোলাম রব্বানী

পিআইবির ডিজি ওয়াসিফ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২০ এএম

আইন ও বিচার বিভাগের পূর্ণ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. গোলাম রব্বানী। এর আগে তিনি একই বিভাগের সচিবের চলতি দায়িত্ব পালন করে আসছিলেন। গতকাল বুধবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় তাকে আইন ও বিচার বিভাগের সচিব পদে পদায়ন করে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।  ১৯৯৪ সালে গোলাম রব্বানী সহকারী জজ (মুন্সেফ) হিসেবে বিচার বিভাগে যোগ দেন। ২০১৬ সালের জানুয়ারিতে তিনি জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পান। তিনি আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন-১), চট্টগ্রামের জেলা ও দায়রা জজ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন।

পিআইবির নতুন ডিজি ফারুক ওয়াসিফ: প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ও লেখক ফারুক ওয়াসিফ। আর বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক নেতা মুহাম্মদ আবদুল্লাহ (এম আবদুল্লাহ)। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

তারা দুজনই চুক্তিভিত্তিক দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাদের এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।

তাদের মধ্যে পিআইবির ডিজি পদে ফারুক ওয়াসিফ সদ্য সাবেক ডিজি জাফর ওয়াজেদের স্থলাভিষিক্ত হচ্ছেন। আর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি পদে মুহাম্মদ আবদুল্লাহ সদ্য সাবেক এমডি সুভাষ চন্দ বাদলের স্থলাভিষিক্ত হচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত