মুন্সীগঞ্জের গজারিয়ায় মামলা তুলে না নেওয়ায় দুই সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গতকাল বুধবার দুপুরে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন দৈনিক নয়াদিগন্ত ও ডেইলি নিউ নেশন পত্রিকার গজারিয়া প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিন (৫৩) ও তার ছোট ভাই দৈনিক যায়যায়দিন ও এশিয়ান টিভির প্রতিনিধি কামরুল ইসলাম (৪৯)।
সাংবাদিক জসিম বলেন, আমিনুর রহমান ও হারুন শিকদারের বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় তারা আমার ওপর ক্ষুব্ধ ছিল। গত ২০ মে হারুনের নির্দেশে আমার ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় হারুনের বিরুদ্ধে মামলা করি। এরপর থেকে মামলা তুলে নিতে সে ও তার সহযোগীরা আমাকে ক্রমাগত চাপ দিতে থাকে।
তিনি আরও বলেন, গতকাল দুপুরে আমি ও কামরুল ভবেরচর বাসস্ট্যান্ড থেকে অটোরিকশায় বাড়িতে যাওয়ার পথে ১৪-১৫ জন আমাদের গতিরোধ করে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় আমার সঙ্গে থাকা ২ লাখ টাকা তারা লুটে নেয়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, সাংবাদিকদের ওপর হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
