রাজধানীর সড়কে দুর্ঘটনা প্রতিরোধ ও শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়কে শৃঙ্খলা ও অবৈধ আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছেন ডিএমপি ট্রাফিক পুলিশের সদস্যরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত মঙ্গলবার ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৯২টি মামলা ও ১১ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক পুলিশ। এ ছাড়া অভিযানকালে ৩৯টি গাড়ি ডাম্পিং ও ১৫টি গাড়ি রেকার করা হয়েছে।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, মেগাসিটি ঢাকার প্রায় দুই কোটি মানুষের জন্য ট্রাফিক পুলিশ সদস্য রয়েছেন প্রায় চার হাজার। রাজধানীর ৩৩৯টি পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষার জন্য দিন-রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ট্রাফিক বিভাগের প্রতিটি সদস্য।
এদিকে গতকাল মেট্রোরেল সড়কে যান্ত্রিক ত্রুটি হওয়ায় সড়কে যাত্রীর চাপ বেড়ে যায়। এতে রাজধানীর সায়েন্সল্যাব, নিউ মার্কেট, শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, গুলিস্তান, বনশ্রী ও সাতরাস্তা এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
রাস্তায় পর্যাপ্ত ট্রাফিক পুলিশ সদস্যের দেখা গেলেও যানজট নিরসনে হিমশিম খেতে দেখা গেছে তাদের।
এ বিষয়ে তেজগাঁও জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) স্নেহাশীষ দাস বলেন, ‘মেট্রোরেল বন্ধ থাকায় রাস্তায় গাড়ির চাপ অন্যদিনের চেয়ে কিছুটা বেশি ছিল। ট্রাফিকব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি। যেসব যানবাহন ট্রাফিক সিগন্যাল মানছে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
