শিল্পী সংঘের দায়িত্বে অন্তর্বর্তী প্রধান

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৩ এএম

নানা অভিযোগ আর বিতর্কের পর অভিনয় শিল্পী সংঘের বর্তমান কমিটিকে নিষ্ক্রিয় করা হয়েছে। গঠিত হয়েছে অন্তর্বর্তী সংস্কার কমিটি। যার প্রধান হিসেবে আছেন নাট্যজন তারিক আনাম খান।

সরকার পতনের পর নানান অভিযোগ তুলে সংঘের সংস্কার দাবি করেন সংস্কারকামী শিল্পীরা। সেই দাবির পরিপ্রেক্ষিতে বুধবার রাজধানীর মহাখালীর এক কনভেনশন হলে জরুরি সভা ডাকে অভিনয়শিল্পী সংঘ।

শিল্পীদের তোলা সংস্কারের দাবিতে বর্তমান কমিটিকে যেকোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রেখে অন্তর্বর্তী সংস্কার কমিটি গঠন করা হয়েছে। চার মাস মেয়াদি নতুন এই কমিটির প্রধান হিসেবে দায়িত্বে থাকছেন তারিক আনাম খান।

এদিন সিদ্ধান্ত হয়, তারিক আনাম খান কমিটির বাকি সদস্যদের বেছে নেবেন। তার নেতৃত্বে আগামী চার মাসের মধ্যে নতুন কমিটি সংগঠনের সংস্কার শেষে নির্বাচন কমিশনারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবেন।

সংস্কারকামী শিল্পীরা সংঘের সভাপতি, সাধারণ সম্পাদকসহ যারা বিগত সরকারের দলীয়ভুক্ত ছিলেন তাদের পদত্যাগের দাবি তোলা হলেও কেউই পদত্যাগ করছেন না বলে জানা গেছে।

আহসান হাবিব নাসিম বলেন, সবার সব কথা শুনে তারিক আনাম খানকে প্রধান করে ‘অন্তর্বর্তী সংস্কার কমিটি’ গঠন করা হয়েছে। শিল্পীদের নিয়ে তিনি আগামী চার মাস কমিটিতে থাকবেন এবং সংস্কারের জন্য কাজ করবেন। এরপর একটা নির্দিষ্ট সময় দেখে নির্বাচনের ঘোষণা করবেন। আমাদের ২১ সদস্যবিশিষ্ট কমিটির কেউই পদত্যাগ না করলেও এই চার মাস তারা তাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। কিন্তু তারা কোনো মেজর সিদ্ধান্ত নিতে পারবেন না। সেটা শুধু কমিটি প্রধানই পারবেন।

বৃহস্পতিবার থেকেই অন্তর্বর্তী সংস্কার কমিটির দায়িত্ব পালন করার কথা তারিক আনাম খান। তবে তার সঙ্গে কমিটিতে আরও চারজন থাকবেন বলে জানা গেছে। তবে কারা থাকবেন সেটি এখনো জানানো হয়নি। তবে সভায় জানানো হয়, পুরানো কমিটি থেকে চারজন ও সংস্কারপ্রত্যাশী শিল্পীদের মধ্যে থেকে চার জনকে নিয়ে শিগগিরই অন্তর্বর্তী কমিটি গঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত