মোনাকোর কাছে ১০ জনের বার্সার হার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৩ এএম

এই মৌসুমে লা লিগায় প্রথম পাঁচ রাউন্ডে শতভাগ জয় নিয়েই চ্যাম্পিয়নস লিগে খেলতে নেমেছিল বার্সেলোনা। কিন্তু ইউরোপসেরার মঞ্চে শুরুটা ভালো হলো না হানসি ফ্লিকের। লিগ পর্বের প্রথম ম্যাচেই হেরেছে ১০ জনের বার্সেলোনা। মোনাকো ২-১ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটিকে। ম্যাচের দশম মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন বার্সা ডিফেন্ডার এরিক গার্সিয়া, ফলে বাকি সময় একজন কম নিয়েই খেলতে হয় ফ্লিকের দলকে। চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে তৃতীয়বারের মতো নিজেদের প্রথম ম্যাচে হারল বার্সেলোনা।

বার্সার গোলকিপার মার্ক আন্দ্রে স্টেগানের দেওয়া পাসের দখল নিতে পারেননি গার্সিয়া। সেই পাস দখলে নিয়ে নেন মোনাকোর জাপানি ফরোয়ার্ড তাকুমি মিনামিনো। পরে জাপানি এই তারকাকে পেছন থেকে ধাক্কা দেন গার্সিয়া। ডি-বক্সের সামান্য বাইরে ফাউল হওয়ার কারণে পেনাল্টি থেকে বেঁচে গেলেও সরাসরি লাল কার্ড দেখেন গার্সিয়া। স্বাগতিক মোনাকো এগিয়ে যায় ম্যাচের ১৬ মিনিটে। গোল করেন ফ্রান্সের অলিম্পিক দলে খেলা মাগনেস আকলিওচে। শুরুতে গোল পেয়ে একের পর এক আক্রমণ করে বার্সার রক্ষণভাগকে ব্যস্ত করে তোলে স্বাগতিকরা। তবে ২৮ মিনিটে লামিন ইয়ামালের গোলে সমতায় ফেরে বার্সা। পেনাল্টি বক্সের কাছ থেকে বাঁ পায়ের শটে গোলটি করেন স্প্যানিশ এই তারকা। এই মৌসুমে এটি ইয়ামালের চতুর্থ গোল। আর চ্যাম্পিয়নস লিগে ক্যারিয়ারের প্রথম গোল। উয়েফার দেওয়া তথ্যমতে, চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠ গোলদাতা হলেন ইয়ামাল। ১৭ বছর ৬৮ দিন বয়সে গোলটি করেন তিনি। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা বার্সারই আনসু ফাতির থেকে ২৮ দিন বেশি বয়সে গোল করেন ইয়ামাল।

৩৫ মিনিটে ফের বল জালে পাঠিয়েছিল মোনাকো। কিন্তু অফসাইডের কারণে সে যাত্রায় বেঁচে যায় বার্সা। ৭০ মিনিট পর্যন্ত ১-১ সমতায় ছিল। ৭১ মিনিটে জর্জ লেনিকেহনার গোলে লিড নেয় মোনাকো। ৮৫ মিনিটে পেনাল্টি পেয়েছিল মোনাকো। কিন্তু ভিএআর দেখে সিদ্ধান্ত বদলান রেফারি। শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় পায় মোনাকো। বার্সা এর আগে চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল ১৯৯৭-৯৮ মৌসুমে নিউক্যাসলের সঙ্গে ২-৩ গোলে এবং ২০২১-২২ মৌসুমে বায়ার্নের বিপক্ষে ০-৩ গোলে। ম্যাচ শেষে ফ্লিক বলেন, ‘(গার্সিয়ার) লাল কার্ডের কারণে পুরো ম্যাচ বদলে গেছে, তবে আমি ইতিবাচক কিছুও পাচ্ছি। আমরা দল হিসেবে ভালো ডিফেন্স করেছি এবং অ্যাটাক করেছি। আমাদেরও সুযোগ ছিল, তবে জয়টা তাদের প্রাপ্য।’ একজন কম নিয়েও দল যেভাবে লড়েছে, সেটির প্রশংসা করছেন ফ্লিক।

বার্সা হারলেও জয় তুলে নিয়েছে আরেক স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ। নিজেদের মাঠে সিমিওনের দল ২-১ গোলে হারিয়েছে জার্মান ক্লাব আরবি লাইপজিগকে। চতুর্থ মিনিটে বেঞ্জামিন সেসকোর গোলে এগিয়ে গিয়েছিল লাইপজিগ। ২৮ মিনিটে গোল শোধ দেন আন্তোনিও গ্রিজমান। ৯০ মিনিটে হোসে মারিয়া জিমেনেজ গোল করলে জয় নিশ্চিত হয় আতলেতিকোর।

গেল মৌসুমে অপরাজিত থেকে বুন্দেসলিগা জিতেছিল লেভারকুসেন। এবার লিগে প্রথম তিন ম্যাচের একটিতে হারলেও চ্যাম্পিয়নস লিগে দারুণ জয় পেয়েছে জাবি আলোনসোর দল। ৪-০ গোলে হারিয়েছে ফেয়েনুর্দকে। জোড়া গোল করেন ফ্লোরিয়ান উইর্টজ। আরেকটি করেন আলেহান্দ্রো গ্রিমালদো। অন্য গোলটি আত্মঘাতী। ইতালিয়ান ক্লাব আতালান্তার মাঠে খেলতে গিয়ে গোলশূন্য ড্র করেছে আর্সেনাল। বেনফিকা ২-১ গোলে হারিয়েছে সারভেনা জুভেসডাকে। ফরাসি ক্লাব ব্রেস্ত চ্যাম্পিয়নস লিগে অভিষেক ম্যাচে ২-১ গোলে হারায় অস্ট্রিয়ান ক্লাব স্টুর্ম গ্রাজকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত