শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন হলেও তাদের দোসর অনেক আমলা এখনো রয়ে গেছেন এমন মন্তব্য করে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করে বলেছেন, ‘তারা বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে নাশকতা করার চেষ্টা করছে।’ গতকাল শুক্রবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘প্রশাসনের লোকজন ছাড়াও ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে যে নির্বাচনগুলো হয়েছে, তার মধ্যে সংসদ ও উপজেলা বিলুপ্ত করা হয়েছে। কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এখনো বহাল আছেন কেন? তাদের দিয়েই গণতন্ত্রের আন্দোলনকারীদেরকে হত্যা করেছে।’
অন্তর্র্বর্তী সরকারের উদ্দেশে রিজভী বলেন, ‘আওয়ামী লীগের সাঙ্গ-পাঙ্গরা, সুবিধাবাদীরা এখনো বিদায় নেয়নি। প্রশাসনের অনেক জায়গায় তারা আছে। অনেক সচিব শেখ হাসিনার জন্য কাজ করেছেন। এখন বিভিন্নভাবে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছেন তারা। তাদের বিষয়ে ব্যবস্থা নিতে হবে।’
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিবসহ প্রবাসী বিএনপি নেতাদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী। এ সময় উপস্থিত ছিলেন সৌদি পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু প্রমুখ।
