সিরাজগঞ্জ যশোরে ২ যুবক খুন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৬ এএম

যশোরের অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামে দুর্বৃত্তদের হামলায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে এলাকার ভৈরব ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

অভয়নগর থানার ওসি আকিকুল ইসলাম জানান, গভীর রাতে দুর্বৃত্তরা তিনজনের ওপর হামলা করে। তাদের চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মতিয়ার বিশ্বাসকে (৪৫) মৃত ঘোষণা করেন। আহত আবদুল হালিম (৩৪) ও মনিরুল ইসলামকে (৩৮) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

নিহতের স্ত্রী মিম খাতুন বলেন, সন্ত্রাসীরা বাড়িতে প্রবেশ করে আমার স্বামী, প্রতিবেশী হালিম ও মনিরুলকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। আমার স্বামী দৌড়ে পালাতে গেলে সন্ত্রাসীরা তাকে মাটিতে ফেলে কোপাতে থাকে।

এদিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নে সবুজ আলী শেখ (২৮) নামে এক যুবকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

নিহতের বড় ভাই শামীম জানান, তাদের ফিরোজ নামের আরেক ভাই ধোপাকান্দি এলাকার ন্যাশনাল ফুড ভিলেজে বরেন্দ্র এক্সপ্রেস গাড়ির চেকার হিসেবে কাজ করে। ফিরোজ অসুস্থ থাকায় ছোট ভাই সবুজ গত বৃহস্পতিবার রাতে গাড়ির চেকারের কাজে যায়। রাত আড়াইটার দিকেও মোবাইলে সবুজের সঙ্গে কথা হয় ফিরোজের। এরপর থেকে সবুজের ফোন বন্ধ পেয়ে ঘটনাটি অন্য গাড়ির চেকারদের জানায় ফিরোজ। তারা ভোর রাতে পাশের ইটভাটায় সজ্ঞাহীন অবস্থায় সবুজকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের ধারণা সবুজকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত